২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে সালমান খান ও অরিজিৎ সিংয়ের দ্বন্দ অনেক পুরোনো, যা নিয়ে একটা সময়ে হয়েছিল ব্যাপক আলোচনা। প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবার নিজেই মুখ খুললেন সালমান। ‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিৎ প্রসঙ্গ তোলেন সালমান। রবি মজার ছলে বলেন, ‘আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ অনেকে বলে আমার মুখটা নাকি অরিজিৎ সিংয়ের মতো।’
এতে সালমান প্রথমে হেসে ওঠেন, পরে বিনয়ের সঙ্গে বলেন, ‘অরিজিৎ আসলে খুব ভালো ছেলে, আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।’ সালমানের এই বক্তব্য এখন আলোচনায় সামাজিক মাধ্যমে। অনেকে মনে করছেন, তাদের এই পুরোনো দ্বন্দের অবসান ঘটছে অবশেষে। ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে কথার বিনিময় থেকেই শুরু হয় বিতর্ক। তখন সঞ্চালক ছিলেন সালমান, আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিৎ। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ‘ঘুমাচ্ছিলে নাকি?’ উত্তরে অরিজিৎ বলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ উপস্থিত দর্শক হাসলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে জানা যায়। এরপর ২০১৬ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ জানান, ‘আমি কখনও সালমান ভাইকে অপমান করতে চাইনি, এটা শুধু মাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।