২৪ ঘণ্টা অনলাইন : বলিউড কিং শাহরুখ খান-কাজল জুটির জাদু যে আজও এতটুকু ফিকে হয়নি, তার প্রমাণ আবারও সামনে এল। সম্প্রতি আমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি। সেখানে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ থেকে শুরু করে ‘কুছ কুছ হোতা হ্যায়’ তাদের জুটির একের পর এক হিট সিনেমার গানের সঙ্গে নাচে মেতে ওঠেন দু’জনে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নস্ট্যালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। নব্বইয়ের দশক থেকে আজও দর্শকদের মাতিয়ে রাখা ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ এবং ‘লাড়কি বাড়ি আনজানি হ্যায়’-এর মতো গানের সঙ্গে পারফরম্যান্স দেন তারা।
পুরোনো দিনের চেনা মেজাজে হাঁটু মুড়ে বসে কাজলের হাতে ফুলও তুলে দেন ‘কিং খান’। এরপরেই মঞ্চে দুই বন্ধুর আলিঙ্গনের মুহূর্তে ছুটে এসে তাতে সামিল হন পরিচালক করণ জোহরও। সেই ছবি ও ভিডিও নিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। অনেকেই দাবি তুলেছেন, ফের একবার বড় পর্দায় শাহরুখ–কাজলের জুটিকে দেখতে চান তারা। প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ–কাজল। এরপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে’ ছবিতে শেষবার জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। দশক পেরিয়ে ফের শাহরুখ–কাজল জুটিকে একসঙ্গে দেখা যাবে কি না, সে উত্তর দেবে সময়। তবে আপাতত সে সব নিয়ে না ভেবে নস্ট্যালজিয়ায় ব্যস্ত তাদের অগণিত অনুরাগী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।