২৪ ঘণ্টা অনলাইন: এক যুগেরও বেশি সময় ধরে সংসার করছেন বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তাদের পারিবারিক জীবনে এখনও দেখা যায় পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কারিনার রাগ সামলানোর গোপন কৌশল জানালেন সাইফ নিজেই। সাইফ জানালেন, স্ত্রীর রাগের মুহূর্তে সংযমই তার মূল ভরসা। নায়কের কথায়, ‘কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনো কথা বলি না, শুধু শুনে যাই।’ ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। বয়সে প্রায় ১১ বছরের ব্যবধান থাকলেও সম্পর্কের ক্ষেত্রে তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। দাম্পত্য জীবনের ১২ বছর পেরিয়েও তারা একসঙ্গে সুখে আছেন দুই সন্তানকে নিয়ে। এর আগে কারিনা কাপুরও জানিয়েছেন, বয়সের পার্থক্য তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়াই তাদের সম্পর্কের মূল ভিত্তি। কারিনার ভাষায়, ‘ভালোবাসা থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।