২৪ ঘণ্টা অনলাইন: অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক ডরি র্যাথ। তিনি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য জানান। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেত্রী ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ এবং ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’ এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পান তিনি।
সেই ‘অ্যানি হল’ ছবির জন্যই ১৯৭৮ সালে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন ডায়ান কিটন। তার সাবলীল অভিনয়, স্টাইল ও স্বাধীনচেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের এক প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে। অভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন ছিলেন দক্ষ পরিচালকও। ১৯৮৭ সালে তিনি পরিচালনা করেন নিজের প্রথম চলচ্চিত্র ‘হেভেন’, যা পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ১৯৯৫ সালে তার পরিচালিত ‘আনস্ট্রাং হিরোজ’ কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে মনোনয়ন পায়। ২০০০ সালে তিনি নির্মাণ করেন কমেডি–ড্রামা ঘরানার ছবি ‘হ্যাংগিং আপ’, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেন। ডায়ান কিটনের মৃত্যুতে রীতিমতো হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহ-অভিনেত্রী বেট মিডলারলিখেছেন, অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তার চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক।
সূত্র : বিবিসি
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।