২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরেই আলোচনায় ওপার বাংলার তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। প্রেম, সংসার আর বিচ্ছেদ–গুঞ্জন নিয়ে বেশ কয়েকদিন সংবাদের শিরনামে ছিলেন তারা। তবে সব আলোচনা পাশে সরিয়ে প্রিয় মানুষ তথা যশের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন নায়িকা। গত ১০ অক্টোবর ছিল যশের জন্মদিন। সেদিন ইনস্টাগ্রামে নুসরাত তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে শুরু করে এখন একে অপরের সঙ্গেই লড়াই করছি (তবুও টিকে আছি)... পেট ফেটে হাসা থেকে একে অপরকে আঘাত দেওয়া পর্যন্ত— আমরা ঝুটঝামেলায় ওস্তাদ! আমার মাথাব্যথার প্রিয় কারণের জন্য শুভ জন্মদিন; তোমার জীবন সুখ, শান্তি আর সাফল্যে ভরে উঠুক।’
অভিনেত্রীর এই পোস্টে যশও প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যে তিনি লিখেছেন, “ঝুটঝামেলা আমাদের মানায়! তুমিই একমাত্র মানুষ, যে আমাকে ‘মাথাব্যথা’ বলে ডেকে সেটাকেও মিষ্টি করে তুলতে পারো! এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদ... চলো, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।” কিছুদিন আগেও তাদের সম্পর্কে দূরত্বের গুঞ্জন ছিল। একপর্যায়ে দুজন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন। এমনকি আলাদা ছুটিতেও যান। নুসরাত ছেলে ঈশানকে নিয়ে যান পাহাড়ে, আর যশ যান সমুদ্রতটে প্রথম পক্ষের ছেলেকে নিয়ে। সে সময় শোনা যায়, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতিই নাকি দূরত্বের কারণ। তবে সাম্প্রতিক পোস্টে বোঝা যাচ্ছে, সম্পর্কের বরফ অনেকটাই গলেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।