২৪ ঘণ্টা অনলান : ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান। ব্যস্ত অভিনয়জীবনের ফাঁকে ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন তিনি; সেখান থেকে জানালেন আবেগঘন বার্তা। গত শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।’
সেখানে আবেগভরা কণ্ঠে অভিনেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার আমার এখানে আসা। কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদ (কালো পাথর) এ চুমু দিতে পেরেছি; যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ।’ অভিনেতা আরও বলেন, ‘আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দেন। জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও অংশ নেবেন তিনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।