২৪ ঘণ্টা অনলাইন : বলিউড হোক বা টলিউড, ৯০ দশকের প্রজন্ম হোক বা বর্তমান সবাই তাকে এক নামে চেনে তিনি হলেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি দেখিয়েছেন, শারীরিক কিংবা মানসিক কোনো বাধাই স্বপ্নপূরণের পথে প্রাচীর তুলতে পারে না। এমনকি ৮৩ বছর বয়সেও একইভাবে কাজ করে চলেছেন 'বিগ বি'। প্রতি বছর ১১ অক্টোবর এই মহানায়কের জন্মদিন পালিত হয়। এবারও ব্যতিক্রম হয়নি। ৮৩তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলির স্মৃতিচারণ করে এক্স হ্যান্ডেলে তিনি অমিতাভের উদ্দেশে লিখেছেন, ‘সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।’
রাজনৈতিক স্মৃতি টেনে এনে মমতা লেখেন, ‘১৯৮৪ সালে আমরা দুজন প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ও জয়া বচ্চনের উপস্থিতি আমাদের আপ্লূত করেছিল। আপনারা আমাদের উৎসব পরিবারেরই অংশ।’ স্মরণীয় যে, কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। একসময় এই শহরে তিনি চাকরি করতেন। পরে রেডিওতে কাজ করতে গিয়ে কণ্ঠস্বরের কারণে অডিশনে ব্যর্থ হন। তবে সেই 'ভারী কণ্ঠস্বরই' পরে তার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরিচালক মৃণাল সেন তার 'ভুবন সোমে' ছবিতে অমিতাভের কণ্ঠ ব্যবহার করেন। সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যদিও সাফল্যের শিখরে পৌঁছানো রাতারাতি হয়নি। ভারী কণ্ঠস্বর এবং দীর্ঘ উচ্চতার কারণে বহুবার বিফলতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু পরিশ্রমে বিশ্বাসী অমিতাভ বচ্চন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা থাকলে একদিন সাফল্য আসবেই।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।