২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিতর্ক চলছে; এমন সময়ে এই নতুন হুমকি সৃষ্টি করেছে আতঙ্ক। ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে। এক ব্যক্তি সেই ফোন কলে জানায়, ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
এই হুমকির পরপরই তার নীলাঙ্কারাই এলাকার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ; নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ আরও জানিয়েছে, হুমকিদাতার সেই ফোনটি এসেছিল কন্যাকুমারী থেকে। জানা গেছে, হুমকি পাওয়া মাত্র পুলিশের একটি বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছায়। শুরু হয় তল্লাশি। যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে; যিনি ফোন করেছিলেন, তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা চলছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়া কল ছিল।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।