শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গানের মাঠ থেকে ভোটের মাঠে মৈথিলীগানের মাঠ থেকে ভোটের মাঠে মৈথিলী

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ১২:৫৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। গায়কী দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের মন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ২০২৪ সালে তার গানের প্রশংসা করেছিলেন। এই শিল্পীকে নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। গুঞ্জন উঠেছে, বিহার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মাঠে নামবেন তিনি।

গেল ৫ অক্টোবর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে মৈথিলীর সাক্ষাতের পর থেকেই এ আলোচনা তীব্র হয়েছে। পরে বিহার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ের সঙ্গে তার একটি ছবিও প্রকাশ্যে আসে, যা জল্পনাকে আরও উসকে দেয়।

নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তাওড়ে সেই ছবি পোস্ট করে মৈথিলীকে ‘বিহার-কন্যা’ উল্লেখ করে স্বাগত জানান।

এর পরই আরজেডিকে (রাষ্ট্রীয় জনতা দল) উদ্দেশ করে তাওড়ে বলেন, ‘১৯৯৫ সালে লালুপ্রসাদ যাদবের আমলে মৈথিলী ঠাকুরের পরিবার বিহার ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। এখন পরিবর্তনের এই বিহারে সেই পরিবার ফিরতে চায়।’

সাক্ষাৎ শেষে মৈথিলী ও তার পরিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বকে কৃতজ্ঞতা জানান। এক প্রতিক্রিয়ায় মৈথিলী বলেন, ‘যারা বিহারের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের কথা আমার কাছে অনুপ্রেরণার মতো। আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

মৈথিলী ঠাকুর ইঙ্গিত দিয়েছেন, বিহার ও এখানকার মানুষের জন্য তিনি কাজ করতে চান, রাজ্যকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান। তাই বিজেপি নেতৃত্বের সঙ্গে তার এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা- তিনি কি আসন্ন বিহার নির্বাচনে প্রার্থী হচ্ছেন?

বিহারের মধুবনী জেলার বেনিপট্টিতে মৈথিলীর বাড়ি। মিথিলা অঞ্চল, অর্থাৎ মধুবনী ও দ্বারভাঙা এলাকাকে কেন্দ্র করেই তার পরিচিতি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি যদি তাকে প্রার্থী করে, তবে মধুবনী বা দ্বারভাঙার কোনো আসন থেকেই তাকে লড়ার প্রস্তাব দিতে পারে। 

ভোজপুরি, হিন্দি-সহ একাধিক ভাষায় গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন। ২০২৪ সালে মায়ের সঙ্গে গাওয়া তাঁর একটি গান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুগ্ধ করেছিল। সেই গানটির উল্লেখ তিনি করেছিলেন অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময়ও।

উল্লেখ্য, বিহারে আগামী নভেম্বর মাসে দুই দফায় ভোটগ্রহণ হবে ৬ এবং ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। সূত্র: আনন্দবাজার ও দ্য ওয়াল।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।