২৪ ঘণ্টা অনলাইন : সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না বলিউড জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। একাধারে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা। অন্যদিকে, গত দু'বছরে হাতে তেমন উল্লেখযোগ্য কোনো ছবি নেই রণবীরেরও। যদিও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মাঝে জীবনে এসেছে কন্যা দুয়ার জন্ম। মেয়ের বয়স সবে এক বছর হলো। এমন কঠিন বা ব্যস্ত সময়ের মাঝেই একেবারে নতুন রূপে ধরা দিলেন এই তারকা দম্পতি। হিজাব পরেছেন দীপিকা, আর শেখদের মতো ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে দেখা যাচ্ছে রণবীরকে।
রণবীর ও দীপিকার এমন ভিন্নধর্মী সাজপোশাক দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো কৌতূহল প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই আবার আবেগে আপ্লুত হয়ে প্রশংসা করেছেন। জানা গেছে, সম্প্রতি আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই সুপারস্টার জুটি। সেই প্রমোশনাল ভিডিওটিতে দীপিকা ও রণবীর ঘুরে ঘুরে শহরটির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের দেখাচ্ছেন। বিশেষত, মেয়ে হওয়ার পর এটিই এই দম্পতির প্রথম একসঙ্গে কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়েই পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন এই তারকা অভিনেত্রী। অভিনেত্রীর নতুন এই রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্তরা। কেউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’ আবার কারো কারো মতে, ‘হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।’ সবমিলিয়ে, রণবীর-দীপিকার নতুন এই লুক এখন নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।