২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত মো. ফয়সাল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার ৫ অক্টোবর : ফয়সালের ছোট ভাই সালাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফয়সাল নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে। এর আগে গতকাল বেলা ১টার দিকে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতির কারণে উল্টে যায়।
সালাহ উদ্দিন জানান, শনিবার ৪ অক্টোবর দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে টানেলের মাঝপথে বাসটি উল্টে যায়। এসময় বাসে থাকা ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফয়সালের মৃত্যু হয়। তিনি আরো জানান, এ ঘটনায় ফয়সালের স্ত্রীসহ আরো চারজন গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন আছেন। আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, টানেলে দুর্ঘটনায় আহত অবস্থায় ছয়জনকে চিকিৎসার জন্য আনা হয়। তবে, তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ফয়সাল নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।