২৪ঘণ্টা অনলাইন : অনলাইনে হেনস্থার শিকার হন অক্ষয় কুমারের কন্যা নিতারা। ১৩ বছরের কিশোরীকে নগ্ন ছবি ভাগ করতে বলা হয়েছিল। সেই ভয়ঙ্কর ঘটনার কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন অক্ষয়।
শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন অক্ষয়। সেখানেই সাইবার অপরাধ নিয়ে কথা বলেন ‘খিলাড়ি’। নিজের কন্যার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
কয়েক মাস আগে নিতারা অনলাইনে একটি ভিডিয়ো গেম খেলতে শুরু করেছিল। খেলার সময়ে এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার। প্রথম দিকে গেম খেলা নিয়ে সেই ব্যক্তি নিতারাকে উৎসাহ দিচ্ছিল। ভাল খেললে তারকাকন্যাকে প্রশংসায় ভরাচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই নিতারাকে সেই ব্যক্তি প্রশ্ন করে, সে ছেলে না কি মেয়ে। উত্তরে নিতারা জানিয়েছিল, সে মেয়ে। অক্ষয় বলেন, “নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়।”
অবশেষে সেই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়। কিন্তু, নিতারা এমন প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সেই অনলাইন গেমটি বন্ধ করে দেয়। অক্ষয় বলেছেন, “সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধি করে ওই খেলাটা বন্ধ করে দেয় এবং আমার স্ত্রীকে জানায়। ও যে এই কথাটা খোলাখুলি আমাদের জানাতে পেরেছে, এটাই বড় কথা।” অক্ষয়ের পরামর্শ, অনলাইনে এমন নানা ক্ষতিকর মানুষ থাকে, যারা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করবে আর তার পরে নিজেদের আসল রূপ দেখাবে। তাই প্রথম থেকেই সকলের সাবধানে থাকা উচিত বলে জানান অক্ষয়।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।