২৪ ঘণ্টা অনলাইন : শারদীয়ার উৎসবের মধ্যেই বক্স অফিসে চলছে টলিপাড়ার জমজমাট লড়াই। পূজাকে কেন্দ্র করে মুক্তি পাওয়া বাংলা ছবিগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’। মহাষ্টমীর দিন এই ছবিটি বক্স অফিসে প্রায় কোটি টাকার (৯১ লক্ষ টাকা) ব্যবসা করেছে, যা সিনেমা বিশেষজ্ঞদেরও অবাক করেছে। প্রথমে দেব-শুভশ্রীর জুটির 'ধূমকেতু'র চেয়ে কিছুটা ধীর গতিতে শুরু করলেও, পূজার আবহেই দেবের এই পিরিয়ড ড্রামার ব্যবসার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে মঙ্গলবার, মহাষ্টমীর দিন 'রঘু ডাকাত' বক্স অফিসে রীতিমতো 'দেব ধামাকা' দেখিয়েছে।
ছবি ঘিরে বিতর্ক, রাজনৈতিক নেতার সঙ্গে দেবের উত্তপ্ত বাক্যবিনিময়, এমনকি প্রেক্ষাগৃহে শো হারানোর অভিযোগ—কোনো কিছুই যেন 'রঘু ডাকাত' দেবের জয়যাত্রাকে থামাতে পারেনি। প্রথম দিন থেকেই এই ছবিটি আরেক বিগ রিলিজ 'রক্তবীজ ২'-কে পেছনে ফেলে দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বেড়েছে। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আয়ের আনুষ্ঠানিক পরিসংখ্যান জানানো হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৬ দিনে 'রঘু ডাকাত' মোট আয় করেছে প্রায় ৩.৭ কোটি টাকা। মহাষ্টমীর দিন এর আয় ছিল ৯১ লক্ষ টাকা, যা এর আগের দিনের চেয়ে ৭ লক্ষ টাকা বেশি। অন্যদিকে, আবির, মিমি, ও ভিক্টর অভিনীত 'রক্তবীজ ২'-এর ব্যবসাও ঊর্ধ্বমুখী হলেও তা দেবের ছবির তুলনায় বেশ কম। মহাষ্টমীর দিনে এই ছবির কালেকশন ছিল ৫৬ লক্ষ টাকা। ছবিটির মোট আয় এখন পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ টাকা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।