২৪ ঘণ্টা অনলাইন: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা এবং কলকাতার মধ্যে তার যাতায়াত বছরজুড়েই লেগে থাকে। মন পড়ে থাকে কলকাতায়, আর নাড়ির টান তো জন্মভূমি বাংলাদেশেই। তাই এবার দুর্গাপূজাটা তিনি শুরু করেছিলেন কলকাতায়। সেখানে পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ফিরলেন ঢাকার পথে। কলকাতায় তার পূজা কেমন কাটলো সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, ‘দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা— সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।’
দু’দেশের পুজোর মধ্যে পার্থক্য নিয়েও মুখ খুলেছেন তিনি। জয়ার কথায়, ‘হ্যা, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।’ তবে কলকাতার প্রতি গভীর টান থাকলেও দেশের টানেই তার এই তড়িঘড়ি ফেরা। দু'দেশের পূজা নিয়েই সমান আবেগ রয়েছে তার। সেই কারণে নবমীর সকাল থেকে অভিনেত্রী দেশের বাড়িতে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জয়া আহসান যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ তৈরি হয়, প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। জয়া জানা, সেই মণ্ডপে যোগ দিতেই কলকাতা থেকে দ্রুত দেশে ফেরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।