বিনোদন জগতে তারকাদের নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা ভিডিও শেয়ার করলেই শুরু হয়ে যায় নানামুখী আলোচনা, যার মধ্যে নেতিবাচক মন্তব্যও থাকে প্রচুর। সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ঘুরতে যাওয়ার কিছু রিলস দেখেও একই ধরনের মন্তব্য আসতে শুরু করে।
নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলে, ‘আয়ের উৎস কী? পাশাপাশি কীভাবে তিনি এত জায়গায় ঘুরতে যান। বিষয়টি নিয়ে নীরব না থেকে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন প্রভা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও একটি পেজে তিনি এখন সক্রিয় এবং সেখানে তার ভ্রমণের কিছু ভিডিও শেয়ার করছেন।
তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি তো একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুইজনই ওয়ার্কিং মানে আমার ওয়ার্কিং প্যারেন্টস।’
তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি হওয়ার কারণে ছোটবেলা থেকেই তারা প্রভাকে ঘুরতে নিয়ে যেতে পছন্দ করতেন। অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মা-বাবা অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ।’
নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই সত্যি বলতে এসব আসে। কোন কিছুই, কোন অ্যাচিভমেন্টকেই ওরা আসলে একটু সুন্দর ভালো করে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।’ প্রভা মনে করেন, এই মানসিকতা শুধু গ্ল্যামারাস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই নয় অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়।
তার কথায়, ‘আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরো বেশি করে দেখাবো যাতে করে ওদের মনে না হয় যে, কারো মানে কারও পয়সাতে যে ঘুরতে যাই না।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।