ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনও উদ্যোগ বলপ্রয়োগ করে হলেও ঠেকানো হবে বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী গাজা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের প্রত্যাহারের জন্য চাপের মুখোমুখি হয়েছেন বলে সমালোচকদের মন্তব্যের জবাবে বলেছেন, ‘‘এটা ঘটছে না।’’
তিনি বলেছেন, ‘‘তারা বলছেন, আপনাকে হামাসের শর্ত মেনে নিতে হবে। সব সেনা সরিয়ে নিতে হবে। গাজা থেকে আইডিএফ বেরিয়ে গেলে হামাস আবারও ঘুরে দাঁড়াতে পারবে, এমনকি উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে।’’
বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘‘এটা ঘটছে না।’’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, হামাস যদি গাজা সংক্রান্ত তার ২০ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘‘হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে। আমার মনে হয়, সবদিক থেকেই যুক্তরাষ্ট্রে আমার এই সফর সফল হয়েছে।’’
মঙ্গলবার সকালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু হোয়াইট হাউসের প্রকাশিত একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে দেখা যায়।
ভিডিওর শুরুতে দেখা যায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি বইয়ে লিখছেন, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, (নিঃসন্দেহে) হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা!’’
এদিকে, টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনও চুক্তি হয়নি। ভিডিওতে তার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি ‘‘ফিলিস্তিনি রাষ্ট্রে সম্মতি দিয়েছেন?’’ জবাবে নেতানিয়াহু বলেন, ‘‘না, একেবারেই না।’’
তিনি বলেন, ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা পরিকল্পনায় এ ধরনের কোনও ধারা নেই এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা ‘‘বলপ্রয়োগ করে হলেও প্রতিরোধ করবে’’ ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।