দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর চলতি বছরের ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। মুক্তির আগে থেকেই ছবিটি বক্স অফিসে রেকর্ড গড়েছিল, আর মুক্তির পরেও এর আয় তাক লাগিয়ে দেওয়ার মতো।
কিন্তু সম্প্রতি জানা গেল এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নয়, বরং শুরুতে 'রূপা' চরিত্রে অভিনয় করার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কিন্তু কেন শেষ মুহূর্তে তাকে ছবিতে দেখা গেল না? এত দিন পর সেই রহস্যের পর্দা উন্মোচন করলেন অভিনেত্রী নিজেই।
মাস মুভির হাত ধরে টালিউডে উত্থান হলেও দেব একসময় ছক ভেঙে শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে 'বুনোহাঁস' ছবির মতো ভিন্নধারার কাজ করেছিলেন। সেই ছবিতে দেবের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এর ঠিক পরই দেবের পরবর্তী ছক ভাঙা ছবি ছিল 'ধূমকেতু', আর তাতেও প্রথমে শ্রাবন্তীরই কাজ করার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলেছেন শ্রাবন্তী। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে নায়িকা বলেন, ‘তারা নেয়নি আমাকে। তারা হঠাৎ করে আমাকে বলেন। আসলে তাদের নিশ্চয়ই কিছু মনে হয়েছিল চরিত্রটা সম্পর্কে।’
তবে এই সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলে জানান শ্রাবন্তী। এর কারণ হিসেবে তিনি দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটির দিকে ইঙ্গিত করে বলেন, ‘তাছাড়াও দেব-শুভশ্রী জুটির একটা বড় সংখ্যক ফ্যান রয়েছে। আর তাদের দু’জনকে দেখতে দারুণ লেগেছে। আমি ওই জুটির বড় ফ্যান। আমি সে সময় তাদের প্রচুর ছবি দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে।’
অভিনেত্রীর কথায়, ‘তবে আমি বিশ্বাস করি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। হয়তো এত ভালো নাও হতে পারত আমাদের মতো। আবার ভালোও হতে পারত।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।