২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের চিরকুমার বলা হয় সালমান খানকে। কারণ, ৫৯ বছর বয়সী এই তারকা এখনও ইন্ডাস্ট্রিজের আলোচিত অবিবাহিতদের একজন। সম্প্রতি এক টেলিভিশন শোতে এসে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এই নায়ক; যা তার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ নামের একটি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে বিয়ে না করেই বাবা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন নায়ক। শুধু তাই নয়, সেখানে তিনি তার দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পেছনের কারণগুলো নিয়েও কথা বলেন।
শোতে সালমান বলেন, ‘যখন সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে একজন অন্যজনের তুলনায় বেশি সফল হয়ে যায়, তখন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একজন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।’ নায়ক এও মনে করেন, দুজনেরই উচিত একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া। কেউ যেন কারো ওপর নির্ভরশীল না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। সম্পর্কের ভাঙনের জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন। সালমান বলেন, ‘যদি কোনো সম্পর্ক স্থায়ী না হয়, তো না হবে। এর জন্য যদি কাউকে দোষ দিতে হয়, তাহলে আমাকেই দোষ দেওয়া হোক।’
এই শোয়েই নিজের বাবা হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন এই বলিউড সুপারস্টার। সালমান বলেন, ‘এক থা টাইগার ছবির সময়ে সত্যিই মনে হয়েছিল, আমার যদি একটা সন্তান থাকত। তবে সন্তান নিতে আমি ইচ্ছুক। কোনো একদিন নিশ্চয়ই বাবা হব, সেটা যেকোনো সময় হতে পারে; তাড়াতাড়িও হতে পারে আবার পরেও হতে পারে। তবে এটা ঠিক যে সন্তানের বাবা হবই। দেখা যাক।’ উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল; যদিও কোনো সম্পর্কই পরিণতি পায়নি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।