২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে আর্থিক অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। জানিয়েছেন, হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সঠিক পারিশ্রমিক ও আর্থিক নিরাপত্তা না থাকায় শিল্পীরা প্রায়ই অনিশ্চয়তায় ভোগেন। তার মতে, হলিউডের মতো সুব্যবস্থা থাকলে তার কয়েকটি হিট সিনেমার আয় দিয়েই তার ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে জীবন কাটাতে পারত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা তার দীর্ঘ অভিনয় জীবনের আর্থিক অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানেই উঠে আসে আর্থিক অনিশ্চয়তা প্রসঙ্গ। মাধবন বলেন, “ভারতে যদি এমন ব্যবস্থাপনা থাকত, তবে ‘থ্রি ইডিয়টস’, ‘রাং দে বাসান্তি’, ‘তনু ওয়েডস মনু’—এই তিনটি ছবিতে আমি যা আয় করতাম, তাতে আমার গোটা প্রজন্ম বসে খেতে পারত।”
অভিনেতা আরও বলেন, ‘তারকারা বিলাসবহুল জীবনযাত্রার অভ্যস্ত হয়ে পড়েন, কিন্তু বাস্তবে খুব কমেই বোঝেন যে অপ্রয়োজনীয় খরচ করা উচিত নয়। যদি আমার কাজের মতো হলিউডে হিট থাকত, আমি নিশ্চিন্তে ঝুঁকিপূর্ণ প্রজেক্টেও হাত দিতাম। কারণ আমি জানতাম, তিনটি ব্লকবাস্টারই আমার ভবিষ্যৎ প্রজন্মের খরচ চালানোর জন্য যথেষ্ট।’মাধবন এও জানান, ভারতে শিল্পীদের জন্য পেনশন বা রয়্যালটির ব্যবস্থা নেই। তাই সবাই মনে করে, আজ যা পাওয়া যায়, তাই লাভ। শিল্পীরা অনেক সময় পারিশ্রমিক সংক্রান্ত অনিয়মের শিকার হলেও তা নিয়ে কথা বলতে পারেন না।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।