২৪ ঘণ্টা অনলাইন: তিন দশক পর প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে তার পাশাপাশি আরও বেশ কয়েকজন চলচ্চিত্রশিল্পী গ্রহণ করেছেন জাতীয় পর্যায়ের মুকুট। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এ বছর ‘জাওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান। পুরস্কার পাওয়ার সময় দর্শকদের দিকে তাকিয়ে ভালোবাসার নিদর্শন হিসেবে ফ্লাইং কিস ছুড়ে দেন শাহরুখ, যা দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। একই বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তিনি তার প্রশংসিত ছবি ‘টুয়েলভথ ফেল’-এর জন্য এই সম্মাননা অর্জন করেন। সিনেমাটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
এছাড়াও, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। এটি একজন ভারতীয় মায়ের গল্প, যিনি নরওয়েতে তার সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য একটি দেশের সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছিলেন।
গত আগস্টে যখন পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছিল, তখন তিনি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। অভিনেত্রী বলেছিলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি এবং গর্বিত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার হতে যাচ্ছে।’ এদিকে, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।