২৪ঘণ্টা অনলাইন : দেশের পুঁজিবাজারে কয়েকদিন দরপতনের পর আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। অনুকূল সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক প্রত্যাশা নিয়ে বিনিয়োগকারীরা বাজারে ফিরেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসএক্স ১০.৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৫ হাজার ৩৩৭ পয়েন্ট। তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল কম, বাজারে লেনদেনের পরিমাণ প্রায় ৩ মাস পর ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আগের দিনের ৫৪০ কোটি টাকা থেকে তা আজ ১৪.২% কমে ৪৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
খাতভিত্তিক লেনদেনে ওষুধ (১৪.০%) খাত সর্বোচ্চ অবস্থানে ছিল। এরপর টেক্সটাইল (১৩.৯%) এবং ব্যাংক (১০.৪%) খাতের স্থান। বেশিরভাগ খাতে শেয়ারের দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এর মধ্যে কাগজ (৩.৯%), সিরামিক (২.৭%) এবং আইটি (২.৩%) খাতের ভালো অবস্থান ছিল। তবে সেবা (-০.৫%), ব্যাংক (-০.৫%) এবং খাদ্য (-০.১%) খাতে দরপতন হয়েছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, ১০০টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৬৪টির দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ পতন হয়েছে। সিএসইর সিলেকটিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৩০.০ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৫৩.০ পয়েন্ট কমেছে।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।