২৪ ঘণ্টা অনলাইন : শুটিং চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড। 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে' সিনেমার সেটে স্টান্ট করার সময় এই দুর্ঘটনা ঘটে। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ইংল্যান্ডের ওয়াটফোর্ডে লিভসডেন স্টুডিওতে চলছিল সিনেমার দৃশ্যধারণের কাজ। তখনই মাথায় আঘাত পান টম। ইস্টার্ন অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে তাদের কাছে একটি ফোন আসে। দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহত অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, মাথায় আঘাত লাগার কারণে টমকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। তার মাথায় আঘাত গুরুতর না হলেও হালকা কনকাশন হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টমকে তার বাবা ডমিনিক এবং বাগদত্তা জেনডায়ার সঙ্গে একটি দাতব্য অনুষ্ঠানে দেখা যায়। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এই আঘাতের ফলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টমের বাবা জানিয়েছেন, কিছুদিন শুটিং থেকে বিরতি নেবেন টম। অন্যদিকে, 'ভ্যারাইটি' ম্যাগাজিন জানিয়েছে, টমের আঘাত তেমন গুরুতর নয় এবং সতর্কতা হিসেবেই তাকে বিরতি দেওয়া হয়েছে। খুব দ্রুতই তিনি সেটে ফিরবেন। গত আগস্ট থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। টম হল্যান্ডের পাশাপাশি জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটেলনকেও তাদের পুরোনো চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে, এই কিস্তিতে কম্পিউটার গ্রাফিক্সের পরিবর্তে পুরোনো দিনের মতো সত্যিকারের স্টান্ট ব্যবহার করে স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হবে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।