২৪ ঘণ্টা অনলাইন : ক্যারিয়ারে বড় পর্দায় ডেবিউ করেই একের পর এক সাফল্য দেখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’ তে-ই প্রথম অভিনয় তার। ছবিটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে, তা আর বলার বাকি রাখে না। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবীনের এই ছবিটি। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব- এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি।
আগামী ২৬ অক্টোবর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন শেয়ার করেছেন ছবিটের দেড় মিনিটের ট্রেলার। যেখানে ঝড় তুলেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ‘এই যাত্রায় হেঁটে যান প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন—মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য। আর ভুলবেন না, আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে।’ শেয়ার করা ট্রেলারে উঠে এসেছে মাকে কেন্দ্র করে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা। গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।