শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের ব্যাটিংয়ে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর শুরু ভারতের

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করল ভারত। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। অভিষেক ৩৯ বলে ৭৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তুলে পাকিস্তান। জুটিতে ৩ চারে ৯ বলে ১৫ রান করে ভারতের পেসার হার্ডিক পান্ডিয়ার শিকার হন ওপেনার ফখর জামান। 

জামান ফেরার পর ভারতের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে রানের চাকা সচল রাখেন ফারহান ও সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে সাইমের সাথে ৪৯ বলে ৭২ রান যোগ করার পথে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফারহান।  ১১তম ওভারে প্রথম বোলিং করতে এসে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন পেসার শিবম দুবে। ১৭ বলে ২১ রান করা সাইমকে ফেরান দুবে।  দলীয় ৯৩ রানে সাইম আউট হবার পর পাকিস্তানের রান ১শ পার করেন ফারহান ও হুসেন তালাত। তবে ৫ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন দু’জনই। ১০ রান করা তালাতকে বিদায় দেন স্পিনার কুলদীপ যাদব। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করে দুবের দ্বিতীয় শিকার হন ফারহান। ১৫তম ওভারে ১১৫ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। 

পঞ্চম উইকেটে ২৬ বলে ৩৪ রানের জুটিতে পাকিস্তানকে লড়াকু সংগ্রহের পথ দেখান অধিনায়ক আঘা সালমান ও মোহাম্মদ নাওয়াজ। ১৯তম ওভারের তৃতীয় বলে ২১ রানে রান আউট হন নাওয়াজ।  এরপর ইনিংসের শেষ ৯ বলে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানের সংগ্রহ এনে দেন সালমান ও ফাহিম আশরাফ।  ১টি চার ও ২টি ছক্কায় ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ফাহিম। ১৩ বলে অনবদ্য ১৭ রান করেন সালমান। 

ভারতের দুবে ২টি, পান্ডিয়া-কুলদীপ ১টি করে উইকেট নেন। ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের দুই ওপেনার অভিষেক ও শুভমান গিল। পাওয়ার প্লেতে ৬৯ রান যোগ করেন তারা। এসময় সমান ১৮ বল করে খেলে অভিষেক ৩৩ ও গিল ৩৫ রান করেন।  অষ্টম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৪ বল খেলা অভিষেক। নবম ওভারে ভারতের রান ১শতে পৌঁছায়। দশম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। পাকিস্তান পেসার ফাহিম আশরাফের বলে বোল্ড হন গিল। ৮টি চারে ২৮ বলে ৪৭ রান করেন তিনি। 

গিলের বিদায়ে ক্রিজে এসে ৩ বলের বেশি টিকতে পারেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। খালি হাতে সাজঘরে ফিরেন তিনি। ভারতের রানের চাকা সচল রেখে ব্যক্তিগত ৭৪ রানে পাকিস্তান স্পিনার আববার আহমেদের শিকার হন অভিষেক। ৩৯ বল খেলে ৬টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। 

এরপর সঞ্জু স্যামসন ১৩ রানে আউট হলে, পঞ্চম উইকেটে ১৩ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন তিলক ভার্মা ও পান্ডিয়া। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ভারত। আগেরটি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ১৬০ রানের টার্গেট স্পর্শ করেছিল টিম ইন্ডিয়া।  ২টি করে চার-ছক্কায় ভার্মা ১৯ বলে ৩০ এবং পান্ডিয়া ৭ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের রউফ ২ উইকেট নেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।