২৪ ঘণ্টা অনলাইন : সম্প্রতি সময় তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি নাটক থেকে শুরু করে তারকাদের নিয়ে বেশ আলোচনা করছেন। হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসার পর তা যেন আরও বেড়ে গেছে। এর মাঝে অন্যতম জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। নিজের অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স আর যে কোনো পোশাকে নজরকাড়া লুকে নেটিজেনদের মাঝে ধরা দিয়ে থাকেন।
সম্প্রতি বাংলাদেশি মেয়েদের সাজে ধরা দিয়েছেন। শাড়ি পরা একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের আলোচিত গান ‘অভদ্র প্রেম’। এরপর ছবিগুলো নেটিজেনদের মাঝে বেশ ভাইরাল হয়েছে। যা সালমান মুক্তাদিরেও চোখে পড়েছে। এবার ইয়ুমনা জায়েদিকে ধন্যবাদ জানিয়েছেন সালমান মুক্তাদির। শেয়ার করা ছবির কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে সালমান মুক্তাদির লিখেছেন, ‘ধন্যবাদ ইয়ুমনা, ভালোবাসা বাংলাদেশ থেকে।’ যা নিয়ে নেটিজেনরাও বেশ আলোচনা করছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।