২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'জলি এলএলবি ৩' মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম দুই পর্বের সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকরা এই কোর্টরুম ড্রামাকে সাদরে গ্রহণ করেছেন। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ছবিটি ৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে, যা বক্স অফিসে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই ছবিটি দারুণ ব্যবসা করছে।
প্রথম দিনে ১২.৫ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনে এর কালেকশন ছিল ২০ কোটিরও বেশি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, তৃতীয় দিন অর্থাৎ রবিবার ছবিটি ২১ কোটি রুপি আয় করে, যা আগের দিনের চেয়েও বেশি। সব মিলিয়ে তিন দিনে 'জলি এলএলবি ৩'-এর মোট আয় দাঁড়িয়েছে ৫৩.৫০ কোটি রুপি। ছবিটির এই সাফল্যের পেছনে মূল আকর্ষণ হিসেবে কাজ করেছে দুই 'জলি' অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির আইনি লড়াই। সিনেমাটিতে তারা একে অপরের বিরুদ্ধে মামলা লড়েছেন, যেখানে দুজনই প্রমাণ করতে চেয়েছেন কে আসল 'জলি এলএলবি'। কৃষকদের জমি দখল করে নেওয়া এক দুর্নীতিবাজ ব্যবসায়ীর বিরুদ্ধে এই মামলার গল্পটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর, যিনি এর আগের দুটি পর্বও পরিচালনা করেছিলেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।