শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের গুয়াহাটিতে জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  আসামের আকাশ গতকাল ছিল অশ্রুসিক্ত, রাস্তায় রাস্তায় মানুষের ঢল। সবাই একসুরে বিদায় জানালেন প্রিয় শিল্পী জুবিন গার্গকে। গত শনিবার রাত থেকেই অপেক্ষায় ছিলেন আসামবাসী। শেষবারের মতো ফিরবেন তাদের গর্ব জুবিন গার্গ। ভোর থেকেই বিমানবন্দরে ভিড় বাড়তে থাকে।

রোববার সকালে গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাঁর মরদেহ। স্ত্রী গরিমা গার্গ এবং আসাম সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। এরপর ফুলে সাজানো অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যাওয়া হয় ভিআইপি গেট দিয়ে। বিমান থেকে নামানো মাত্রই হাজারো মানুষ কান্নাভেজা কণ্ঠে স্লোগান তুলতে থাকে– “জুবিন দা, তুমি অমর।” এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে সাধারণ মানুষ ফুল আর গানে ভরিয়ে দেন তাঁর শেষ যাত্রাপথ।

গুয়াহাটির প্রতিটি সড়ক, প্রতিটি মোড় মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। ভবনের ছাদে, রাস্তার পাশে, গাছে চড়া কিশোর থেকে শুরু করে মাটিতে বসে থাকা প্রবীণ সবাই যেন শোকের স্রোতে ভেসে যান। অনেক তরুণ-তরুণী জুবিনের জনপ্রিয় গান গেয়ে তাঁকে বিদায় জানান। শিশুরা ফুল হাতে দাঁড়িয়ে থাকে, আর প্রবীণরা স্মৃতিচারণ করতে করতে চোখ মুছতে থাকেন।

জুবিন গার্গ শুধু আসামের নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের আইকনিক গায়ক ছিলেন। গায়ক, সুরকার, অভিনেতা বহুমাত্রিক এই শিল্পী তাঁর চার দশকের ক্যারিয়ারে অসমিয়া সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যান। ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে বলিউডেও তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।

তাঁর মৃত্যুতে শুধু শিল্প অঙ্গন নয়, রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে বলেন, “জুবিনদার প্রয়াণ আসামের সাংস্কৃতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আমাদের গর্ব।” 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার [এ রিপোর্ট লেখা পর্যন্ত] সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত  অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে (সরুসাজাই স্টেডিয়াম) শায়িত ছিল জুবিনের নিথর দেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও লাখো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানুষের অশ্রু আর ফুলে ভরে উঠল তাঁর শেষ যাত্রাপথ। শেষকৃত্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবার, জানিয়েছে রাজ্য সরকার।   

প্রসঙ্গত, শুক্রবার সিঙ্গাপুরে এক স্কুবা ড্রাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সী জুবিনের। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুর্ঘটনার পর সিঙ্গাপুর পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখলেও চিকিৎসকরা তাঁকে আর বাঁচাতে পারেননি।   

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।