২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সালমান খান। মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল সিনেমাটির শুটিং; এমন সময়েই নায়কের হতাহতের খবর এলো। ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান, পান বেশ খানিক চোট। তবে আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয় বলে জানা গেছে।
কনকনে ঠান্ডার মধ্যে লাদাখের বরফাবৃত এলাকায় চলছিল এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের জন্য। এই সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে। জানা যায়, ওই এলাকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে এবং অক্সিজেনের ঘাটতিও ছিল। এমন পরিবেশে শুটিং করতে গিয়েই তিনি আহত হন। তবে কিছুদিনের জন্য অভিনেতা বিরতি নেবেন। আর এ কারণে পিছিয়ে গেছে ছবির শুটিং। সালমান সম্পূর্ণ সুস্থ হয়েই মুম্বাইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং শুরু করবেন বলেই শোনা যাচ্ছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে প্রকাশ হওয়া ছবির ঝলকে রক্তাক্ত ও লড়াকু লুকে সালমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।