২৪ ঘণ্টা অনলইন : ঢাকাই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা, লাস্যময়ী রূপে মেলে ধরলেও দর্শকেরা চান তাকে পর্দায় দেখতে। কিন্তু অভিনয়-ইন্ডাস্ট্রি প্রসঙ্গে জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা। সাম্প্রতিক সময়ে কিছু ওটিটিতে পূর্ণিমাকে দেখা মেলে। অভিনেত্রীরও আগ্রহ রয়েছে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার; তবে অবশ্যই ভালো গল্প ও চরিত্র পেলে। এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এই নায়িকা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’
তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ; যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এই নায়িকা। পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’ তবু আশাবাদী পূর্ণিমা। তার বিশ্বাস, প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। পূর্ণিমা বলেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। অভিনেত্রীর ভাষায়, ‘এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।