শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি— আফগানিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আফগানিস্তানে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফেরত দেওয়া নিয়ে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই ঘাঁটি ফেরত দেওয়া না হলে দেশটির ভয়াবহ পরিণতি ঘটবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফলে আফগানিস্তানে আবারও মার্কিন আগ্রাসনের শঙ্কা সামনে এসেছে। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত না দেয়, তাহলে তা দেশটির জন্য “ভয়াবহ পরিণতি” ডেকে আনবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন। তিনি এ ঘাঁটি পুনর্দখল করতে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি। ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, “যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি তাদের কাছে না ফেরায়, যারা এটি নির্মাণ করেছিল — যুক্তরাষ্ট্র — তাহলে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে।”

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র যে বিমানঘাঁটি ব্যবহার করেছিল, সেটি ফের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে আফগানিস্তানের সঙ্গে আলোচনাও হচ্ছে। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির ঘাঁটিগুলো তালেবানের দখলে চলে যায় এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারের পতন ঘটে। তবে আফগান কর্মকর্তারা নতুন করে মার্কিন সেনাদের উপস্থিতির বিরোধিতা করেছেন।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম পুনর্দখলের প্রচেষ্টা আফগানিস্তানে নতুন করে আগ্রাসনের মতো দেখা যেতে পারে। এ জন্য অন্তত ১০ হাজার সেনা এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে। ট্রাম্প এর আগে পানামা খাল থেকে শুরু করে গ্রিনল্যান্ড পর্যন্ত নানা ভূখণ্ড ও স্থাপনা অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি বাগরাম বিমানঘাঁটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।

শনিবার সাংবাদিকরা যখন জানতে চান তিনি ঘাঁটি পুনর্দখলে মার্কিন সেনা পাঠাবেন কিনা, ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, “ওটা নিয়ে এখন কথা বলব না”। তিনি আরও বলেন, “আমরা আফগানিস্তানের সঙ্গে এখন আলোচনা করছি। আমরা এটা ফেরত চাই, চাই দ্রুত। আর যদি তারা না দেয়— না দেয়, তাহলে আমি কী করতে যাচ্ছি সেটা শিগগিরই জানতে পারবেন।” আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ চলাকালে বাগরামই ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। সেখানে বার্গার কিং ও পিৎজা হাটের মতো ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে শুরু করে ইলেকট্রনিকস ও আফগান কার্পেট বিক্রির দোকান ছিল। পাশাপাশি ছিল বিশাল কারাগার কমপ্লেক্সও।

বিশেষজ্ঞরা বলছেন, বিশাল এই বিমানঘাঁটি পুনরায় চালু ও সুরক্ষিত করা কঠিন হবে। এর জন্য বিপুল সংখ্যক সেনা মোতায়েন প্রয়োজন। এমনকি তালেবান যুক্তরাষ্ট্রকে আলোচনার মাধ্যমে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেও, সেখানে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো জঙ্গিগোষ্ঠীর হুমকির মুখে থাকবে মার্কিন বাহিনী। এছাড়া ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিও থাকবে। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে কাতারে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।