২৪ ঘণ্টা অনলাইন : বিতর্কে জড়িয়ে পড়েছে নেটফ্লিক্সে প্রচার হওয়া ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। অভিযোগ উঠেছে, শোয়ের এক পর্বে জনপ্রিয় বলিউড সিনেমা ‘হেরা ফেরি’র চরিত্র ‘বাবুরাও’কে অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। অভিযোগটি তুলেছেন সিনেমার পরিচালক ফিরোজ নাদিয়াদওয়ালা। তিনি উল্লেখ করেছেন, ‘বাবুরাও’ শুধু একটি চরিত্র নয়, হেরা ফেরির মূল আকর্ষণ। পরেশ রাওয়ালের অভিনয়ে চরিত্রটি ইতোমধ্যেই তাদের পরিবারের মালিকানাধীন নিবন্ধিত ট্রেডমার্ক। তাই অনুমতি ছাড়া এর ব্যবহার সরাসরি আইন ভঙ্গের শামিল।
এছাড়াও নেটফ্লিক্স ও অনুষ্ঠান নির্মাতাদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়া, কনটেন্টটি সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এমন কাজ আর না করার প্রতিশ্রুতি দেওয়ার দাবিও জানান পরিচালক। পাশাপাশি ২৫ কোটি রুপির ক্ষতিপূরণও দাবি করা হয়েছে সেই অভিযোগপত্রে। এ প্রসঙ্গে পরিচালকের আইনজীবী সানা রইস খান জানিয়েছেন, এটি শুধু কপিরাইট লঙ্ঘন নয়, বরং স্পষ্ট চুরির ঘটনা। তবে এ ঘটনায় এখনো কপিল শর্মা বা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।