২৪ ঘণ্টা অনলাইন : ক্যারিয়ার বা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে হয়— এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার সাহসী পোশাক, সম্পর্ক ও ক্যারিয়ারকে কেন্দ্র করে সমালোচনা করা হয়েছে। তবে এসব নিয়ে আর নিজেকে ব্যাখ্যা করতে চান না তিনি।
অভিনেত্রী বলেন, ‘আমার কী করা উচিত, কী উচিত নয় তা নিয়ে মানুষ উপদেশ দেয়! আমার কর্মজীবন, পোশাক কিংবা সম্পর্ক- সবকিছু নিয়ে বিচার করে। যেদিন থেকে আমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেছি, সেদিনই মুক্তি পেয়েছি। নিজেকে নিয়ে আমি যে গল্প লিখব, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ অভিনেত্রী আরও বলেন, “আমাকে অনেক সময় ‘খুব সাহসী’ বা ‘খুব স্পষ্টভাষী’ বলা হয়। এখন আমি এটাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে দেখি। যদি আমি কারও জন্য ‘খুব বেশি’ হই, তবে তারা হয়তো আমার জন্য যথেষ্ট নন।” ১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিল মালাইকার। প্রায় ১৯ বছর সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন তিনি। তবে সেই সম্পর্কও বেশ কিছু দিন আগে ভেঙে যায়।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।