২৪ ঘণ্টা অনলাইন : ক্যারিয়ার নিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বলিউডের আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েলে দেখা যাবে না তাকে। সামাজিক মাধ্যমে ছবির টিম জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর তারা দীপিকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। নাগ আশ্বিন পরিচালিত এই ছবিতে দীপিকাকে দেখা যাবে কিনা, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিলো। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিলো তাকে এই ছবির সিক্যুয়লে দেখতে। এবার এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম।
এক বিবৃতিতে প্রযোজকরা বলেন, ‘প্রথম ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তবে সিক্যুয়েলের জন্য যে সময় ও দায়বদ্ধতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। তাই আপাতত একসঙ্গে কাজ করা সম্ভব নয়। দীপিকার জন্য শুভকামনা রইল।’ গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। সম্প্রতি মেয়ের এক বছর পূর্তি উপলক্ষে তিনি পরিবারকে সময় দিয়েছেন। ব্যক্তিজীবনকে প্রাধান্য দেওয়ার কারণে এর আগেও সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে বর্তমানে দীপিকা পরিচালক অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।