২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের বাদশা শাহরুখ খান। শুধুমাত্র পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি ছিলেন অনন্য। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ কাশ্যপ জানান, তারকা হওয়ার আগেও ছাত্রজীবনে বেশ জনপ্রিয় ছিলেন শাহরুখ। সেই সময়ের স্মৃতিচারণায় তিনি তুলে ধরেন এক ভিন্ন শাহরুখকে। দিল্লির হংসরাজ কলেজের ছাত্র ছিলেন অনুরাগ। একই কলেজে তার সিনিয়র ছিলেন শাহরুখ। পরিচালক জানান, ১৯৯২ সালে শাহরুখের প্রথম ছবি 'দিওয়ানা' মুক্তি পাওয়ার পর কলেজের সব ছাত্র-ছাত্রীরা মিলে পুরো একটি সিনেমা হল বুক করে ছবিটি দেখতে যান।
ছবির সেই উন্মাদনার কথা মনে করে অনুরাগ বলেন, ‘অম্বা সিনেমাহলে ছবিটি দেখতে গিয়েছিলাম আমরা। শাহরুখের এন্ট্রির সময় দর্শকরা এতটাই উচ্ছ্বসিত হয়েছিল যে একটিও সংলাপ শোনা যাচ্ছিল না। নিজের কলেজের এক ছাত্রের এমন সাফল্য দেখে পুরো কলেজ আবেগাপ্লুত হয়ে গিয়েছিল।’ অনুরাগ আরও বলেন, ‘আমি অমিতাভ বচ্চনের একজন বড় ভক্ত। কলেজে পড়ার সময় পান চিবোতে চিবোতে তার 'শাহেনশা' দেখতে গিয়েছিলাম। পরে শাহরুখের ছবি দেখতে গিয়েও একই অনুভূতি হয়। আমি তার ভক্ত হয়ে যাই।’ তিনি জানান, শাহরুখ শুধু যে অভিনয়েই সেরা ছিলেন তা নয়, ছাত্র হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তার দক্ষতা ছিল অসাধারণ। বাস্কেটবল থেকে হকি—সব কিছুতেই তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।