২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী অভিনেতা ধানুশ তার আসন্ন ছবির নাম রেখেছেন ‘ইডলি কড়াই’। তিনি জানান যে, যখন তিনি ছোট ছিলেন তখন টাকা না থাকায় তাকে ইডলি কিনতে হলে ফুল বিক্রি করতে হত। অনুষ্ঠানে ধানুশ জানান যে, তিনি ইডলি খুব পছন্দ করেন। ছোটবেলায় তিনি সবসময় ইডলি খেতে খুব আগ্রহী ছিলেন। কিন্তু তার পরিবারের পক্ষে তা খাওয়া সম্ভব ছিল না। তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন প্রতিদিন ইডলি খেতে খুব ইচ্ছা করত কিন্তু তা খাওয়ার সামর্থ্য ছিল না। তাই আমরা পাড়া থেকে প্রতিদিন ফুল সংগ্রহ করতাম, তা বিক্রি করে টাকা পেতাম। আমার বোন, তুতো ভাই-বোনেরা এবং আমি এই কাজের জন্য ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম এবং এতে প্রায় দুই ঘন্টা সময় লাগত।’
তার কথায়, ‘পরিশ্রমের দ্বারা অর্জিত অর্থের সাথে ইডলি খাওয়ার তৃপ্তির তুলনা হয় না। শৈশবে আমরা যে সুখ এবং স্বাদ পেতাম, আজ তা রেস্টুরেন্টে পাওয়া যায় না।’ আর শৈশবের এই স্মৃতির কারণেই তিনি তার ছবির নামকরণ করেছেন ‘ইডলি কড়াই’ যার অর্থ ইডলির দোকান। তবে নেটিজেনদের অনেকেই ধানুশের কথা বিশ্বাস করতে পারছেন না। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি ছোটবেলায় গরীব ছিলেন, তাই কন্তুরী রাজ্য পরিচালক হিসেবে তার পরিবারকে কখনও টাকা দেননি, এটা কি সত্য?’ আরেকজনের কথায়, ‘ধানুশ একজন পরিচালকের ছেলে, তার কাছে টাকা ছিল না, এটা মিথ্যা।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।