২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। এবার তাকে দেখা যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বায়োপিকে। সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন পরেশ রাওয়াল। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার তো এখন মনে হচ্ছে কোনো সিনেমাই তৈরি করা কঠিন।’ ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আজকাল যেকোনো মানুষের প্রতিই যেন একপ্রকার মারমুখী হয়ে ওঠে। কিন্তু যদি আপনার উদ্দেশ্য খারাপ না হয়, নীতিগত ভুল না থাকে এবং সিনেমাটি সততা নিয়ে বানানো হয় তাহলে কে কী বলল তা নিয়ে ভাবা উচিত নয়।’
তার কথায়, ‘আমার পক্ষে তো বোঝা সম্ভবই নয়, প্রতিটা মানুষ ঠিক কী চাইছেন। আমি শুধুমাত্র এমন কিছু তৈরি করতে পারি যা আমার পছন্দ, আপনি এইভাবে আপনার পছন্দগুলো সীমিত করেন। সিবিএফসি-ও সচেতন হয়ে ওঠে। ’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল সম্পর্কে পরেশ রাওয়ালের ভাষ্য, ‘আমি ভয় পাওয়ার মানুষ নই, ট্রলকারীদেরে আমি ভালোভাবে উত্তর দিতেও জানি।’ শেষে বলেন, ‘তারা আজ সোশ্যাল মিডিয়ায় দ্রুত যা ইচ্ছে লিখে দিতে পারে। যার কথা একসময় ঘরের লোকেরাও শুনত না, তাদের কথা নিয়ে যদি পৃথিবী আলোচনা করে, তাহলে তাদের তো ভালো লাগে।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।