২৪ ঘণ্টা অনলাইন: সাতক্ষীরার পাঁচ উপজেলায় পৃথক ঘটনায় চার শিশু ও এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। সোমবার ১৫ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর, কলারোয়া, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন প্রকল্পে ইসমাইল হোসেনের শিশু কন্যা খাদিম অসাবধান বশত পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে। সোমবার ১৫ সেপ্টেম্বর বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে দুই বছরের শিশু ইরফান খাঁ পানিতে ডুবে মারা গেছে। সে কেড়াগাছি গ্রামের ইকরাম খাঁর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে গোসল করানোর জন্য শিশুটিকে ঘরের বাইরে রাখা হয়। এর কিছুক্ষণ পর রান্না ঘরের পাশে ডোবার পানিতে ডুবে সে মারা যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রান্নাঘরের পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে পানিতে ডুবে দেড় বছরের শিশু ঈশিতা সানার মৃত্যু হয়েছে। সানা বামনডাঙ্গা গ্রামের মহেন্দ্র নাথ সানার ছোট মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বড় বোন মমতা সানার (৪) সঙ্গে বাড়ির পাশের পুকুরে গেলে অসাবধানতাবশত ঈশিতা পানিতে পড়ে যায়। বোন তাকে তুলতে না পেরে বাড়িতে খবর দেয়। পরে মা ও স্থানীয়রা উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
অপরদিকে, কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামে মো. সিরাজুল ইসলামের মেয়ে লামিসা খাতুন (১৯ মাস) পানিতে ডুবে মারা যায়। সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উঠানের পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এছাড়া, শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে ফয়সাল হোসেন (১৬) নামের মানসিক প্রতিবন্ধী এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। ফয়সাল স্থানীয় শাহিনুরের ছেলে। সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় তার মৃতদেহ পাওয়া যায়। রোববার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় এক চায়ের দোকানে বসে থাকার পর থেকে সে নিখোঁজ ছিল। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।