২৪ঘণ্টা অনলাইন : প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশে আসবেন তিনি। ঢাকায় অবস্থানকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে এই তারকার।
আয়োজকরা জানায়, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সম্প্রতি এসেছে প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার বাংলাদেশ সফর। সফরকালে তিনি বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন।
অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকা। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। এদিকে ‘সর্দারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানেও সাফল্য পেয়েছে। এই সিনেমায় নূর চরিত্র অভিনয় করে দুই দেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে। হানিয়া আমির বাংলাদেশের ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে সানসিল্ক বাংলাদেশ-এর পেজে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।