শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেন-জিদের বিক্ষোভ

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৮:২৯ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

নেপালের রাজধানী কাঠমান্ডুর বালুয়াটার এলাকায় দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেওয়া কিছু তরুণ। রোববার রাতে বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই বিক্ষোভ করেছেন তারা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়া মন্ত্রিসভায় নতুন করে তিনজন মন্ত্রী নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা।

দেশটির জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুদান গুরুং নামের এক নেতা ও তার অনুসারীরা ওই বিক্ষোভ করেন। নিজেদের জেন-জিআন্দোলনের নেতা দাবি করে তারা মন্ত্রিসভা সম্প্রসারণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, মন্ত্রিসভা সম্প্রসারণের আগে তাদের সঙ্গে কোনও ধরনের পরামর্শ করা হয়নি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সুশিলা কার্কির পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভ চলাকালে গুরুং বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি, তাহলে কেউই আমাদের থামাতে পারবেন না। আমরা তাদের যেখানে বসিয়েছি, সেখান থেকে টেনে নামাব। তিনি অভিযোগ করে বলেন, আইনজীবী ওম প্রকাশ আর্যাল নিজেই ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন।

গত সপ্তাহে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার-বিরোধী বিক্ষোভে আহত ও নিহত ব্যক্তির স্বজনদেরও রোববার রাতের বিক্ষোভে নিয়ে আসেন গুরুং। 

এদিকে, দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আইনজীবী আর্যালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করেছেন। এর আগে, রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনীত করেন তিনি।

ওম প্রকাশ আর্যাল দেশটির সর্বোচ্চ আদালতে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে নিয়োগের বিরুদ্ধে রিট দায়ের করে পরিচিতি পান। তিনি জনস্বার্থে বিভিন্ন মামলায় লড়াই করেছেন এবং কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কার্কির নিয়োগ প্রক্রিয়ার সময় তিনি প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলের সঙ্গে আলোচনায় অংশ নেন। এছাড়া কার্কির শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাওয়া রমেশ্বর খনাল দেশটির সাবেক অর্থ সচিব ছিলেন। তিনি সম্প্রতি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংস্কার সুপারিশ কমিশনের চেয়ারম্যান হিসেবে কেপি অলি সরকারের কাছে ৪৪৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে অর্থনীতির দুর্বল দিক, সমস্যার কারণ, তাৎক্ষণিক করণীয় এবং দীর্ঘমেয়াদি সমাধানের সুপারিশ করা হয়।

আর কুলমান ঘিসিং দেশটির নতুন সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। তিনি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নেপালের লোডশেডিং সমস্যা দূর করায় দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। কয়েক মাস আগে অলি সরকার তাকে সরিয়ে দিয়ে হিতেন্দ্র দেব শাক্যাকে নিয়োগ দিয়েছিল।

দেশটির একাধিক সূত্র বলেছে, প্রধানমন্ত্রী কার্কি প্রথমে টেলিফোনে তিনজনের সঙ্গে কথা বলেন। পরে তাদের অফিসে ডেকে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। এর আগেই দেশটির জ্যেষ্ঠ আইনজীবী সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন কার্কি।

রোববার সকালের দিকে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা শুরু করেন। সিদ্ধান্ত ‍অনুযায়ী, দেশটির সঙ্কটকালীন সর্বোচ্চ ১১ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা হবে। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্য মন্ত্রীরা একাধিক দপ্তরের দায়িত্বও পেতে পারেন।

কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। জেন-জি আন্দোলনের চাপের মুখে কেপি শর্মা অলির পদত্যাগের পর তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। শপথ গ্রহণের পরপরই প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে দেশটিতে আগামী ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।