শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধের দাবি ট্রাম্পের

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের সব মিত্র দেশকে রাশিয়ার তেল কেনা পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন। ট্রাম্প শনিবার জানান, তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তবে শর্ত হলো-ন্যাটো জোটের সব মিত্র দেশকে রাশিয়ার তেল কেনা বন্ধ এবং নিজেদেরও নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

পাশাপাশি ট্রাম্প এও প্রস্তাব দেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ন্যাটো দেশগুলো যেন চীনের ওপরও ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লেখেন, ‘আমি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে তখনই, যখন সব ন্যাটো দেশ একই পদক্ষেপ নিতে রাজি হবে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করবে।’

তিনি এই পোস্টকে ন্যাটো ও বিশ্বের উদ্দেশে লেখা চিঠি হিসেবেও বর্ণনা করেন। যুদ্ধ চালানোর জন্য মস্কোর যে রাজস্ব প্রয়োজন, তাতে আঘাত হানতে ট্রাম্প বারবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।  গত সপ্তাহে ক্রেমলিন ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর তিনি আবারো এই হুমকি দেন। তবে এখন পর্যন্ত তিনি এই হুমকি কার্যকর করতে পারেননি, যা কিয়েভকে হতাশ করেছে। আলাস্কায় গত মাসে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। 

বৈঠকের পর তিনি ন্যাটো দেশগুলোর রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টিকে ‘চমকপ্রদ’ বলে অভিহিত করেছেন। তার মতে, এতে মস্কোর সঙ্গে আলোচনায় তাদের অবস্থান দুর্বল হচ্ছে। ট্রাম্প  পোস্টে লিখেন, ‘যাই হোক, আপনারা যখন প্রস্তুত হবেন, তখন আমি ‘শুরু’ করবো। শুধু বলুন কখন?’ট্রাম্প ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে চীনের ওপর শুল্ক আরোপের প্রস্তাব দেন। সম্প্রতি বেইজিংয়ে পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের এক শীর্ষ সম্মেলন করেছে চীন এবং দেশটি রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করেছে বলে ধারণা করা হয়।

ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, রাশিয়ার ওপর ন্যাটোর নিষেধাজ্ঞা এবং ন্যাটো সদস্যরা চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত থামবে। এই সিদ্ধান্ত প্রাণঘাতী, তবে এই অযৌক্তিক যুদ্ধ শেষ করতে এটা বড় ভূমিকা রাখবে। যুদ্ধ শেষ হলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’ তিনি দাবি করেন, রাশিয়ার ওপর চীনের শক্তিশালী প্রভাব ও নিয়ন্ত্রণ আছে। এ কঠোর শুল্ক আরোপ করা হলে, সেই নিয়ন্ত্রণ ভেঙে যাবে। ট্রাম্প বলেন, যদি ৩২-সদস্যের এই জোট ‘আমি যা বলি তা করে, তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে। যদি না করে, তবে আপনারা কেবল আমার সময় নষ্ট করছেন।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।