২৪ ঘণ্টা অনলাইন : কথায় কথায় মেজাজ হারানোর স্বভাব নতুন নয় বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের কাছে। আগে শুধু ছবিশিকারি দেখলেই রেগে যেতেন। কিন্তু যত দিন যাচ্ছে, রাগ যেন বাড়ছে তার। অনুরাগী থেকে নিজের দলের কর্মী, কাউকে যেন ছাড় দেন না। তবে মায়ের মেজাজ সম্পর্কে অবহিত অভিষেক বচ্চন। অভিনেতা নিজেও জানিয়েছেন, মায়ের দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। এবার এল আরেক তথ্য। মা জয়া বচ্চনের সঙ্গে নাকি জামাকাপড় কিনতে যেতে চান না অভিষেক। আর এ বিষয়ে বাবা অমিতাভের সঙ্গেই স্বচ্ছন্দ তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না।যদিও অভিষেক নিজে মায়ের মেজাজের কারণে তার সঙ্গে জামাকাপড় কিনতে যেতে চান না, এমন নয়। অভিনেতার কথায়, ‘আমার মা ১২ বছর বয়স পর্যন্ত তার মর্জিমতো জামা পরিয়েছেন, আর নয়। আমার মায়ের সঙ্গে কোথাও খেতে যেতেই ভালো লাগে। কারণ মা বাঙালি, আর বাঙালিদের খাবারের বিষয়ে জ্ঞান বেশ ভালো। জামাকাপড় কেনাকাটার ব্যাপারটা বাবার সঙ্গেই করি।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।