শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধি : ব্যবসায়ীদের কমানোর দাবি

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রেল ভূমির ভাড়া হঠাৎ তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে খুলনার ব্যবসায়ীরা। রেলওয়ের এ সিদ্ধান্ত অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে ব্যবসায়ীরা বলেছেন। ভাড়া বৃদ্ধি বহাল থাকলে হাজারো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কর্মহীন হবে অন্তত ৩০ হাজার শ্রমিক-কর্মচারী, আর খুলনার অর্থনীতিতে নামবে মারাত্মক সংকট। আজ বুধবার ১০ সেপ্টেম্বর দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান খুলনার রেল ভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব শরীফ আতিয়ার রহমান ও সদস্য সচিব মো. আবু সাইদ।

ব্যবসায়ী নেতারা জানান, কয়েক বছর আগেও রেল ভূমির ভাড়া ছিল প্রতি বর্গফুট ২৫ টাকা। পরে তা বাড়িয়ে ৫০ টাকা এবং ২০২১ সালে ৭০ টাকা করা হয়। সর্বশেষ চলতি বছরের ১৭ জুলাই আকস্মিকভাবে ভাড়া বাড়িয়ে ভ্যাটসহ ২৪০ টাকা করা হয়েছে। অর্থাৎ যেখানে আগে একটি দোকানের ভাড়া ছিল ৫০ হাজার টাকা, এখন তা দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার টাকা। ছোট দোকানের ভাড়া ১০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার টাকা।

তারা প্রশ্ন রাখেন, যেখানে ভৈরব নদীর তীরে বিআইডব্লিউটিএ ব্যবসায়ীদের কাছে প্রতি বর্গফুট ৩ টাকা, আর জেলা প্রশাসক ডিসিআরের মাধ্যমে মাত্র ৩ টাকা ৮৮ পয়সা হারে ভাড়া নেন, সেখানে রেলের জমির ভাড়া ২৪০ টাকা নির্ধারণ কতটা যুক্তিসঙ্গত? নেতারা বলেন, একসময় এসব জমি ছিল পতিত, কোথাও ডোবা-নালা, বনজঙ্গল আবার কোথাও আবর্জনার স্তুপ। ব্যবসায়ীরাই নিজ খরচে ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং নিয়মিত ভাড়া প্রদানের পাশাপাশি ট্রেড লাইসেন্স ফি, ভ্যাট, আয়কর ও হোল্ডিং ট্যাক্স দিয়ে আসছেন। এখন তিনগুণ ভাড়া চাপিয়ে দেওয়া হলে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “খুলনা একসময় শিল্পনগরী ছিল। আজ অধিকাংশ কলকারখানা বন্ধ হয়ে হাজারো মানুষ বেকার। এই অবস্থায় বড়বাজার, স্টেশন রোড, কদমতলা, ডাকবাংলাসহ ব্যবসায়ীরাই অর্থনীতির চাকা সচল রেখেছেন। কিন্তু রেলের খামখেয়ালি ভাড়া নীতিতে সেই ব্যবসাও ধ্বংসের মুখে।” ব্যবসায়ী ঐক্য পরিষদ জানায়, খুলনায় রেল ভূমির ওপর ভর করে ৫ থেকে ৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মালিক, শ্রমিক ও কর্মচারী মিলে প্রায় ৩০ হাজার মানুষ এখানে কর্মরত। এদের ওপর নির্ভরশীল পরিবারসহ প্রয় এক লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। একই সঙ্গে ঋণখেলাপিতে পরিণত হবেন অনেক ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত হবে ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, আর বিপুল রাজস্ব হারাবে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের ভাড়া বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, প্রধান উপদেষ্টা ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা রেল ভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদের ১৮টি সংগঠনের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে স্টেশন রোড ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতি, খুলনা ধান-চাল বণিক সমিতি, কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতি, খুলনা বিপণী কেন্দ্র, খুলনা জুট গুডস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মানিক মিয়া শপিং কমপ্লেক্স, ডাকবাংলা সুপার মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট, খুলনা বিপণী বিতান, শহীদ আ. জব্বার বিপণী বিতান, মশিউর রহমান বিপণী কেন্দ্র, চাঁদনী চক মার্কেট, দরবেশ চেম্বার মার্কেট, নান্নু সুপার মার্কেট, কবি কাজী নজরুল ইসলাম মার্কেট, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মার্কেট, হার্ডওয়্যার মার্কেট অ্যাসোসিয়েশন ও খুলনা সাইকেল সেন্টার মার্কেট।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।