২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে ফের শিরোনামে কাপুর পরিবার। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি নিয়ে এবার দিল্লি হাইকোর্টে হাজির হয়েছেন কারিশমা কাপুরের দুই সন্তান, কিয়ান রাজ কাপুর ও সামাইরা কাপুর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিয়ান–সামাইরার অভিযোগ তাদের সৎমা প্রিয়া কাপুর (সঞ্জয়ের তৃতীয় পক্ষের স্ত্রী) একটি জাল উইল তৈরি করেছেন, যাতে তিনি পুরো সম্পত্তির দখল নিতে পারেন।
শুধু তাই নয়, প্রিয়া নাকি আরও দুই সহযোগী দীনেশ আগরওয়াল ও নীতিন শর্মার সঙ্গে মিলে উইল সাত সপ্তাহ গোপন রেখে পরে ৩০ জুলাই ২০২৫-এ এক পারিবারিক বৈঠকে তা উপস্থাপন করেন। তাদের দাবি, ‘যে তথাকথিত উইল আমাদের বাবার নামে তৈরি দেখানো হয়েছে, তা আসলে আইনি বৈধ নথি নয়। এটি জাল, কৃত্রিম এবং সন্দেহজনক পরিস্থিতিতে তৈরি।’
কিয়ান ও সামাইরা আদালতের কাছে আবেদন জানিয়েছেন, তাদের ক্লাস ওয়ান লিগ্যাল হেয়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং বাবার বিশাল সম্পত্তি পাঁচ ভাগে ভাগ করা হোক। তারা দাবি, প্রত্যেকের প্রাপ্য মোট সম্পত্তির এক-পঞ্চমাংশ করে। তাদের অভিযোগ, প্রিয়া কাপুর প্রথমে দাবি করেছিলেন কোনও উইল নেই এবং সব সম্পত্তি রয়েছে আর.কে. ফ্যামিলি ট্রাস্টের অধীনে। কিন্তু পরে হঠাৎই তিনি ২১ মার্চ ২০২৫-তারিখের একটি উইল পেশ করেন, যা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ জুন পোলো খেলতে গিয়ে হঠাৎ মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। এরপর ১৯ জুন লোধি শ্মশান ঘাটে ছেলের হাতে বাবার চিতায় অগ্নিসংস্কার হয়। তারপর থেকেই শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। অভিযোগ, প্রিয়া তাদের ট্রাস্ট সম্পর্কিত নথি ও আর্থিক খাতার কাগজপত্রে প্রবেশাধিকার সীমিত করতে থাকেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।