২৪ঘণ্টা অনলাইন : বাংলা চলচ্চিত্রে তাকে দর্শক চেনেন এক নামে— ‘আইটেম গার্ল নাসরিন’। অথচ সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি, কিছু সিনেমায় করেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয়। তবুও তার পরিচয়ের জায়গায় থেকে গেছে সেই ‘আইটেম গান’। রোববার (৭ সেপ্টেম্বর) ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে হাজির হয়েছিলেন অভিনেত্রী নাসরিন। সেখানেই আক্ষেপ ঝরল তার কণ্ঠে।
গণমাধ্যমে কথা বলতে গিয়ে নাসরিন বলেন, “আমি অভিনয় করতে আগ্রহী। কিন্তু কষ্ট লাগে, পরিচালকরা আমাকে বারবার শুধু আইটেম গানের জন্যই ডাকেন। তারা ভুলে যান আমার বয়স হয়েছে। এই বয়সে তো আর আইটেম সং করা যায় না। অথচ যে বয়স, সেই বয়স অনুযায়ী কোনো চরিত্রে ডাকেন না।”
১৯৯২ সালে ‘অগ্নিপথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নাসরিনের। শুরুতে কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। তবে কৌতুক সম্রাট দিলদারের সঙ্গী হয়ে তিনি পান সবচেয়ে বেশি জনপ্রিয়তা। একসময় প্রায় প্রতিটি সিনেমায় নায়কের পাশাপাশি হাস্যরসের দৃশ্যে নাসরিনকে দেখা যেত নিয়মিতভাবে।
২০১২ সালে অভিনেতা ও ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন নাসরিন। ২০১৪ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান আফরিন। বর্তমানে তিনি দুই সন্তানের মা। নাসরিনের কণ্ঠে তাই খানিক অভিমান, “সাত শতাধিক সিনেমায় অভিনয় করলাম, অনেক চরিত্রে কাজ করলাম। কিন্তু মানুষ আমাকে শুধু আইটেম গানের জন্যই মনে রাখল! এখন তো বয়স হয়েছে, অন্তত বয়সোপযোগী চরিত্রে ডাকটা পেতে চাই।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।