২৪ ঘণ্টা অনলাইন : অবশেষে প্রতীক্ষার অবসান ঘটেছে 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি 'পুষ্পা ৩ : দ্য র্যাম্পেজ' আসছে এমনটাই নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সুকুমার। সম্প্রতি অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (এসআইআইএমএ)-এ 'পুষ্পা ২: দ্য রুল' পাঁচটি বড় পুরস্কার জেতার পর এই সুখবরটি দেন তিনি।
এসআইআইএমএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 'পুষ্পা ২: দ্য রুল'-এর পুরো টিম উপস্থিত ছিল। পরিচালক সুকুমার, অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রাশমিকা মান্দানা, সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি পুরস্কার গ্রহণ করেন। মঞ্চে পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক মজা করে জিজ্ঞেস করেন, ‘পার্টি হবে পুষ্পা?’ – যা ফাওয়াদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াতের বিখ্যাত সংলাপকে মনে করায়।
এরপর সঞ্চালক সুকুমারের কাছে জানতে চান, 'পুষ্পা ৩' কি আদৌ নির্মিত হবে, নাকি এটি কেবলই গুঞ্জন? এই প্রশ্ন শুনে সুকুমার প্রযোজকের দিকে তাকিয়ে মুচকি হাসেন এবং বলেন, ‘অবশ্যই আমরা 'পুষ্পা ৩' তৈরি করছি।’ তার এই ঘোষণার পর হলভর্তি দর্শক ও ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। এই অনুষ্ঠানে আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী শ্রী প্রসাদ সেরা সঙ্গীত পরিচালক এবং 'পিলিং' গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার লাভ করেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।