২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন অভিনেতা সঞ্জয় দত্ত। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কাজ করে তেমন সাফল্য পাননি তিনি। বরং তাদের একসঙ্গে করা ছবির মধ্যে একটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে।
ঐশ্বরিয়া সঞ্জয়ের থেকে বয়সে ১৪ বছরের ছোট। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘শব্দ’ ছবিতে এই জুটি প্রথমবার বড় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দেন। লীনা যাদব পরিচালিত এই সিনেমায় বড় তারকাদের উপস্থিতি থাকলেও দর্শক গল্পটিকে একেবারেই গ্রহণ করেনি। ১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি অর্ধেক খরচও তুলতে পারেনি।
এর আগে ২০০২ সালে সঞ্জয়-ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন ‘হাম কিসি সে কাম নেহি’ সিনেমায়। সেখানে তাদের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন। যদিও এ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে, তবে ঐশ্বরিয়ার সঙ্গে সঞ্জয়ের জুটির বিশেষ প্রভাব দেখা যায়নি। কিন্তু অসংখ্য হিট সিনেমা সঞ্জয় দত্ত উপহার দিলেও ঐশ্বরিয়ার সঙ্গে করা ছবিগুলো রয়েছে ব্যর্থতার তালিকাতেই।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।