শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আজ

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কালজয়ী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে আজ সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে তার একক সংগীতানুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এ আয়োজন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকবে শিল্পকলা একাডেমি। ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের এ অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৭টায় সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। অনুষ্ঠানে সাবিনাকে নিয়ে দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণের পাশাপাশি নবীন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালকদের পরিবেশনায় তার গান গাওয়া হবে। এরপর থাকবে শিল্পীর একক সংগীতানুষ্ঠান।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিল্পীর হাতে সম্মাননা তুলে দেবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেতা আফজাল হোসেন। বাংলা গানের গৌরব, কোকিলকণ্ঠী খ্যাত সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্ম নেন। তার সংগীতে হাতেখড়ি হয় মায়ের কাছে। মাত্র ছয় বছর বয়সে তিনি ‘অল পাকিস্তান স্কুল মিউজিক কম্পিটিশনে’ প্রথম পুরস্কার অর্জন করেন। এরপর সাবিনা শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দেন।

সাবিনা ইয়াসমিন এ পর্যন্ত প্রায় ১৬ হাজার গান রেকর্ড করেছেন। এর মধ্যে অধিকাংশই চলচ্চিত্রের গান। পাশাপাশি আধুনিক বাংলা গান, পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, গজলসহ নানা ধারার গানও গেয়েছেন। বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী তিনি। দেশের গান ছাড়াও বিদেশি ভাষায়ও গান করেছেন। দেশ-বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানেও তিনি সংগীত পরিবেশন করেছেন। ১৯৮৩ সালে ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ তাকে ‘সংসদ রত্ন’ উপাধিতে ভূষিত করে। তিনি ১৯৮৫ সালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান। তিনি বাংলাদেশে সর্বোচ্চ পুরস্কার ‘একুশে পদক' (১৯৮৪) এবং স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) লাভ করেন। বাংলাদেশে তিনিই একমাত্র শিল্পী যিনি শ্রেষ্ঠ সংগীত শিল্পী হিসাবে ১৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে রেকর্ড সৃষ্টি করেন। এছাড়াও দেশে-বিদেশে পেয়েছেন আরও অসংখ্য পুরস্কার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।