২৪ ঘণ্টা অনলাইন : মুক্তি পেয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বলিউড সিনেমা ‘বাগি ফোর’। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ পরিচালিত এই ছবিটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অ্যাকশন সিনেমা হতে চলেছে, এমনটা আগেই বলা হয়েছিল। ছবিতে টাইগার শ্রফকে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে এক মিশনে।
এদিকে ছবি মুক্তির একদিন আগে পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, কেন তিনি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন। অভিনেতা বলেন, ‘বাগি ফোর-এ আমার চরিত্রটি খুবই শক্তিশালী এবং নৃশংস, কিন্তু ছবির শেষে দর্শকদের মনে তার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হবে। যখন আমি প্রথম চিত্রনাট্য শুনেছিলাম, তখন আমার ‘বাস্তব’ ছবির কথা মনে পড়ে যায়। এমন অনুভূতি আমার অনেকদিন হয়নি।’
সঞ্জয় দত্ত আরও জানান, এই চরিত্রের জন্য তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন। বলেন, ‘এই চরিত্রের জন্য আমি নিজেকে নতুন করে তৈরি করেছি। শরীরচর্চা করেছি, কঠোর প্রশিক্ষণ নিয়েছি এবং অনেক পরিশ্রম করেছি।’ সঞ্জয় আরও জানান, টাইগার শ্রফের মতো তরুণদের সঙ্গে কাজ করে তার নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।