২৪ ঘণ্টা অনলঅইন : আমেরিকান পোশাক ব্র্যান্ড লেভিস-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। কিন্তু এ খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, এতদিন এই দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন।
এখন আলিয়াকে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে ঘোষণা করা হলে দীপিকার ভক্তরা রীতিমতো তা নিয়ে ক্ষেপে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ তোলেন, আলিয়া নাকি দীপিকার জায়গা দখল করেছেন। কেউ কেউ বলছেন, আলিয়া সব জায়গায় ঢুকতে চায়। আবার কেউ দীপিকাকে ফেরত আনতে চান।
তবে আলিয়ার ভক্তরা বিষয়টিকে সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন। দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক কিংবা দ্বন্দ্ব চললেও এখনও পর্যন্ত দীপিকা বা আলিয়া কেউই এ নিয়ে মন্তব্য করেননি।
আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। সামনে তিনি অভিনয় করবেন যশরাজ ফিল্মসের স্পাই মুভি ‘আলফা’-তে। এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর এটিই রণবীর-আলিয়ার দ্বিতীয় কাজ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।