শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেল নিশো-নাবিলার ‘আকা’

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রহস্য, প্রতিশোধ, মানবিক সম্পর্ক আর টানটান উত্তেজনায় ভরপুর বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আকা’। অপেক্ষার ইতি টেনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে এটি। ৭ পর্বের থ্রিলার সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। 

গল্পের কেন্দ্রীয় চরিত্রে আছেন আফরান নিশো। আবুল কালাম আজাদ বা আকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজাদ গভীরভাবে ক্ষত-বিক্ষত এক মানুষ, শৈশবের ভয়াবহ ট্র্যাজেডি তাকে সারাজীবন তাড়া করে ফিরে। সমাজ থেকে বিচ্ছিন্ন হলেও তার ভেতরে লুকিয়ে ছিল এক অনন্য সংগীত প্রতিভা, যা থেকে যায় অমূল্যায়িত। 

একসময় মেঘা নামে এক সাহসী নারীর (মাসুমা রহমান নাবিলা) সঙ্গে পরিচয় তার জীবনে ক্ষণিকের আশার আলো জাগালেও, অতীতের ক্ষত তাকে আবারও তাড়িয়ে বেড়ায়। স্বীকৃতির আকাঙ্ক্ষায় আজাদ জড়িয়ে পড়ে নৃশংস ঘটনাপ্রবাহে, যা গোটা সমাজকে স্তম্ভিত করে তোলে। অবাক করার বিষয়, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নায়ক হিসেবে বরণ করে নেয়। সেই প্রশংসা ও অনলাইন উন্মাদনায় ধীরে ধীরে নৈতিক দিশা হারিয়ে ফেলে আজাদ। 

সিরিজটিতে মূলত প্রশ্ন তোলা হয়েছে—স্বীকৃতির জন্য মানুষ কতদূর যেতে পারে? আর যখন সামাজিক যোগাযোগমাধ্যম জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করে, তখন তার মূল্য কতটা ভয়াবহ হতে পারে? 

সিরিজটিতে নিশো-নাবিলা ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সেমন্তি সৌমী, নিকিতা সাহা প্রমুখ। মুক্তির আগে ট্রেইলার প্রকাশের পর সিরিজটি দর্শকমহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। 

পরিচালক ভিকি জাহেদ বলেন, “আকা আমার কাছে বিশেষ একটি কাজ। সব সময়ই আমি নতুন কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। আকা সেই প্রচেষ্টার ফল। এবার দর্শকরা এক ভিন্ন ধরনের থ্রিলার অভিজ্ঞতা পাবেন।” 

সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এছাড়া এতে রয়েছে দুটি মৌলিক গান— ‘রক্তের পথ’ ও ‘উড়ে যাবে দূরে’, যা কাহিনির আবহকে আরও সমৃদ্ধ করেছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।